রয়টার্স বাংলা ডেস্ক
২০২৩ সালে বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ মোট ৬৭ জন নেতাকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল।
এ মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক বিএনপি নেতা ও আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিন-উন-নবী খান সোহেল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা নাসির উদ্দীন অসীম, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।