রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার সংলাপ শেষে গতকাল রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। এ সময় নির্বাচনি রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচনি রোড ম্যাপের ব্যাপারে যে আলাপটা হচ্ছে সেটা হচ্ছে ছয়টা কমিশন গঠন করা হয়েছে, তার পাঁচটি পূর্ণাঙ্গ করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যে যেখান থেকে গণহত্যায় জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ’
এ সময় শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিষয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ছাড়া গুম কমিশনেও অভিযোগ জমা পড়েছে, সেসব নিয়ে কাজ চলছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। ধীরে ধীরে স্বস্তি ফিরবে, সরকার এ বিষয়ে খুবই আন্তরিক বলেও দাবি করেন তিনি।