রয়টার্স বাংলা মাদারীপুর প্রতিনিধি
২২শে ফেব্রুয়ারি ২০২৫…
শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী থেকে ফসল বাঁচানোর জন্য নিজেদের তৈরি বৈদ্যুতিক ফাঁদেই প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। শনিবার সকালে উপজেলার বালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস খাঁ সম্প্রতি তার বাড়ির অদূরে একটি জমিতে ভুট্টা চাষ করছিলেন। জমির ফসল বাঁচাতে তিনি তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করেন, যাতে বন্যপ্রাণী- বিশেষ করে সজারু যেন শস্য নষ্ট করতে না পারে।
শুক্রবার সকালে জমিতে প্রবেশের আগে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ইদ্রিস খাঁ ও তার স্ত্রী সেখানে যান। অসাবধানতাবশত ইদ্রিস খাঁ প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্বামীকে রক্ষা করতে গিয়ে শেফালী বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।